
পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে এরা সবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক।
উল্লেখ্য, ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর সুজানগর এলাকায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করে। এছাড়াও পাবনা জজ কোর্টে হাজিরা দেয়ার পর একাধিকবার কোর্টচত্তরে জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে আইনি ব্যবস্থা শেষে আজই কারাগারে পাঠানো হবে।